সোডিয়াম না নিয়ন কি যেন বাতি বলো তোমরা,
হ্যাঁ, ওরা আমার নতুন বেস্টফ্রেন্ড,
সুনীলদা ঠিকই আমার মনের কথা জানত,
কেউ কখনও কথা রাখে না,
আর জানত পেপারব্যাক বেস্টসেলারের ভিড়ে অযথা
নিজেকে হারিয়ে খোঁজা কোনো প্রাগৈতিহাসিক
তুমি আর আমি,
আমি আর তুমি,
একই ঘরের দুই অচেনা বাসিন্দা।
রাতজাগা বোহেমিয়ানের গল্প বাতিরা ঠিকই শুনেছে,
তোমাদের হয়তো সময় নেই,
কিন্তু ওরা তো অলস!
সারাদিন সারারাত, চারদিকে আশেপাশে এতো
কানফাটা হাহাকার-
অথচ আশ্চর্য, আমি বেঁচে আছি।
বেঁচে আছে নগরের কোণে মশার কামড়ে
পা ফুলে যাওয়া ঘুমে বেঘোর আমার টোকাই।
ওরা এটাও জানে,
বিধ্বস্ত জনপদেও কালরাতে জোনাকিরা
স্বপ্ন ফেরি করে বেড়ায়,
মাত্র দু টাকা দাম।
মাত্র দু টাকা।